কালাই পৌর মেয়রের বিরুদ্ধে সাংবাদিক পেটানোর অভিযোগ
আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের সংবাদ প্রচারের জের ধরে চ্যানেল আইয়ের জয়পুরহাট জেলা প্রতিনিধি শফিউল বারীর ওপর হামলা চালানো হয়েছে। কালাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার ও তাঁর সহযোগীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুর ১২টার দিকে কালাই বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।আহত শফিউলকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত শনিবার আওয়ামী লীগের নেতা তৌফিকুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কালাই থানায় মামলা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সাংবাদিকেরা অভিযোগ করেন, ওই ঘটনার পর তৌফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা অন্য সাংবাদিকদেরও বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাঁকে গ্রেপ্তারের দাবিতে উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের (উফেসাপ) পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে কালাই বাসস্ট্যান্ড চত্বরে সহকর্মীদের সঙ্গে আলাপ করছিলেন শফিউল। এ সময় তৌফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা শফিউলের ওপর হামলা চালান।এ ব্যাপারে শফিউল বারী জানান, আওয়ামী লীগ-সমর্থিত কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান ও উপজেলা বিএনপির একাংশের সভাপতি ইব্রাহিম হোসেনের বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তৌফিকুল ইসলাম তাঁর নেতা-কর্মীদের নিয়ে বিএনপি নেতার পক্ষ নেন। বিএনপির সঙ্গে তাঁর সখ্য নিয়ে সংবাদ প্রচার করায় তিনি ক্ষুব্ধ হয়ে শফিউলের ওপর হামলা চালান।সাংবাদিকের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তৌফিকুল ইসলাম বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমার সর্মথকদের কেউ ওই সাংবাদিককে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে।’এ ঘটনার নিন্দা জানিয়ে উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি তৌহিদুর রহমান জানান, সাংবাদিক পেটানো মেয়র তৌফিকুল ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে উফেসাপ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।