কালাইয়ে আ.লীগের প্রার্থী হচ্ছেন কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। দুজনেরই ব্যাপক প্রচারণা দেখে কালাই পৌরবাসীর প্রশ্ন—এবার কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী?
কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুল আলম গতকাল শনিবার বলেন, বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাঁকে কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার জন্য মৌখিকভাবে বলেছেন। তারই ধারাবাহিকতায় তিনি এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। জেলা আওয়ামী লীগের কাছে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র পাওয়ার জন্য আবেদন করেছেন। তবে দলীয় সিদ্ধান্তই তিনি মেনে নেবেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র তৌফিকুর রহমান তালুকদার বলেন, জেলা আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন কমিটি তাঁকেই মনোনয়ন দেবে। সে লক্ষ্যে তিনি পৌরসভার কাজের পাশাপাশি প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে জনসংযোগ ও নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছেন।
কালাই পৌরসভার আদর্শপাড়া মহল্লার ভোটার আবদুল বাতেন বলেন, পৌর নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। দুজনের প্রচারণা দেখে ভোটাররা বুঝতে পারছেন না আসলে আওয়ামী লীগের প্রার্থী কে?