জয়পুরহাটের কালাই উপজেলায় গতকাল রোববার আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার অনেকে ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এর জের ধরে গত শনিবার বিকেলে কালাই বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।
ওই সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামায়াতের হরতাল প্রতিরোধসহ তাদের সব কর্মকাণ্ড নস্যাৎ করার চ্যালেঞ্জ ছুড়ে বক্তব্য দেন। এতে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে পৌর শহরে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে গতকাল ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। ১৪৪ ধারার করার কারণে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল পৌর শহরে সমবেত হতে না পেরে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেন।
তাঁরা রাস্তার গাছ কেটে সড়ক অবরোধের সময় উপজেলার মোসলিমগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হন। গুরুতর আহত আওয়ামী লীগের কর্মী মো. রাশিদুন ও জামায়াতের কর্মী আবদুছ ছোবহানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, নাশকতা এড়াতে ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়।