সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদারসহ দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার কালাই থানায় মামলাগুলো করা হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, তৌফিকুল ইসলাম বাংলা ১৪১৮ সনের জন্য দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫ লাখ ৮০ হাজার টাকায় কালাইহাট এবং কালাই ও পাঁচশিরা বাজার কালাই পূর্বপাড়ার বাসিন্দা রেজাউল করিমকে ইজারা দেন। ইজারার শর্ত অনুযায়ী রেজাউল দরপত্রের সঙ্গে ৫ শতাংশ জামানতসহ চার লাখ ৭৭ হাজার টাকার পে-অর্ডার জমা দেন। কিন্তু ইজারা চুক্তি সম্পাদনের আগে তিনি ভ্যাট ও আয়করসহ অবশিষ্ট ১৪ লাখ ৯৮ হাজার টাকা সংশ্লিষ্ট তহবিলে জমা দেননি। এর পরও মেয়র একইভাবে তাঁকে ১৪১৯ সনের জন্য ওই তিনটি বাজার ১৫ লাখ ৯৫ হাজার টাকায় ইজারা দেন। যার বিপরীতে রেজাউল দরপত্রের সঙ্গে ৫ শতাংশ জামানতসহ ছয় লাখ টাকার ব্যাংক ড্রাফট জমা দেন। কিন্তু অবশিষ্ট ভ্যাট ও আয়করসহ ১৩ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা সংশ্লিষ্ট তহবিলে তিনি জমা দেননি।
এ ঘটনায় দুদকের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক ফারুক আহমেঞ্চদ বাদী হয়ে তৌফিকুল ইসলাম তালুকদার ও ইজারাদার রেজাউল করিমের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।
তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্যই মামলা করা হয়েছে।