কালাইয়ে আবারও এক কিশোরকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে এক দিনের ব্যবধানে আবারও এক কিশোরকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কিশোরের নাম জুয়েল হোসেন (১৩)। গতকাল রোববার দুপুরে উপজেলার গঙ্গাদাশপুর মাঠের শিবারবান সেতুর কাছ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে, জুয়েল ধারিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। সে স্থানীয় ধারিয়া-গাঙ্গইট দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।জুয়েলের মা জোসনা বেগম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জুয়েল বাড়ির পাশের স্থানীয় মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। গতকাল দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।এর আগের দিন শুক্রবার রাতে উপজেলার ঝামুটপুর এলাকায় মোকাররম হোসেন (১৫) নামের এক কিশোরকে একই কায়দায় জবাই করে হত্যা করে তার লাশ পার্শ্ববর্তী ঝিনাগাড়ি মাঠের একটি আলুখেতে ফেলে রেখে যায় ঘাতকেরা। পরপর দুই কিশোরকে এভাবে জবাই করে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দুই কিশোরকে একই কায়দায় জবাই করা হয়েছে। কোনো পেশাদার অপরাধী চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।