কালাইয়ে আমনের ভরা মৌসুমে ইউরিয়া পাচ্ছেন না কৃষক
জয়পুরহাটের কালাইয়ে আমনের ভরা মৌসুমে কৃষকেরা ইউরিয়া সার কিনতে পারছেন না। পর্যাপ্ত মজুদ নেই—এমন অজুহাতে খুচরা বিক্রেতাদের কাছে কিছুদিন ধরে সরকারি সারের ডিলাররা ইউরিয়া বিক্রি বন্ধ রেখেছেন। এ কারণে খুচরা বিক্রেতারাও কৃষকদের কাছে ইউরিয়া সার বিক্রি করতে পারছেন না। এ অবস্থায় আমন ধানের খেতে সঠিক সময়ে সার দিতে না পেরে কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন।কৃষকেরা অভিযোগ করেন, বেশি দামে বিক্রি করার জন্য ডিলাররা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। সারের ডিলাররা এখন প্রতি বস্তা সার ৫৮৫ টাকার পরিবর্তে ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি করছেন।কালাই উপজেলার থল গ্রামের কৃষক জাকারিয়া হোসেন বলেন, ‘২০ বিঘা জমিনত আমন লাগাচি। পানি হওয়ার পরপরই খেতত ইউরিয়া দেওয়ার জন্যি স্থানীয় বাজারে সার কিনতে যায়্যা তিন দিন খালি হাতে ফেরত আসতে হয়। অনেক ঘুরাঘুরি করে একজন ব্যবসায়ীর কাছে চার বস্তা ইউরিয়া কিননো। কিন্তু দাম লিলো বস্তাপ্রতি ৬৫০ টেকা।’খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মোসলেমগঞ্জ, পুনট, মাত্রাই বাজারসহ প্রত্যন্ত এলাকায় প্রতি বস্তা ইউরিয়া সার ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।কালাই উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোনো কোনো ডিলার খুচরা বিক্রেতাদের কাছে ইউরিয়া সার বিক্রির জন্য রাজি হলেও দাম হাঁকচ্ছেন অস্বাভাবিক। আমন মৌসুমের আগে খুচরা বিক্রেতা পর্যায়ে ইউরিয়ার দাম প্রতি বস্তা ৫৪৫ থেকে ৫৫৫ টাকা ধরা হলেও বর্তমানে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। অথচ কৃষক পর্যায়েই কৃষি কার্যালয়ের বেঁধে দেওয়া বিক্রয়মূল্য হচ্ছে ৫৮৫ টাকা।’কালাই সদরের বিসিআইসির সারের ডিলার আবু নেছার তালুকদার বলেন, ‘বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় ইউরিয়া নিয়ে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে খুচরা বিক্রেতাদের কাছে সার সরবরাহ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। ’উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছাত্তার খুচরা বিক্রেতাদের কাছে সার বিক্রি বন্ধ রাখার কথা স্বীকার করেছেন। তিনি জানান, সরকারি সারের ডিলারদের কাছে বৃহস্পতিবার পর্যন্ত ৪৬ টন ইউরিয়া সার মজুদ আছে। চলতি মাসে সরবরাহ করা হলে কৃষকেরা সহজেই খুচরা বিক্রেতাদের কাছ থেকে সার কিনতে পারবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম দাবি করেন, উপজেলায় ইউরিয়া সারের কোনো সংকট নেই। তিনি বলেন, কোনো ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।