কালাইয়ে এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমকে গতকাল মঙ্গলবার জয়পুরহাটের কালাই উপজেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে।মুসা ইব্রাহীমের আগমন উপলক্ষে স্থানীয় মোসলেমগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে গণসংবর্ধনার আয়োজন করা হয়। বেলা দুইটার দিকে মুসা ইব্রাহীম মোসলেমগঞ্জ বাজারে পৌঁছালে স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুরা ফুল ছিটিয়ে তাঁকে বরণ করে নেয়। পরে তারা মোসলেমগঞ্জ বাজার থেকে মোসলেমগঞ্জ হাইস্কুল মাঠের সংবর্ধনার মঞ্চ পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।মোসলেমগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে গণসংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুসা ইব্রাহীম বলেন, ‘অদম্য ইচ্ছেশক্তি আর আত্মবিশ্বাস থাকলে একজন বাঙালি যেকোনো লক্ষ্যে পৌঁছাতে পারে। দুর্বার ইচ্ছেশক্তি আর অদম্য মনোবল দিয়েই এভারেস্ট জয় করেছি। শুধু আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছেশক্তি দিয়ে একদিন কোনো বাঙালি গোটা বিশ্ব জয় করবে; সেটা আর বেশি দূরে নয়। তবে শুধু আত্মবিশ্বাস আর মনোবল থাকলে হবে না; দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সব ইতিবাচক কর্মকাণ্ডের প্রতিও প্রত্যেকের ভালোবাসা থাকতে হবে।’কালাইবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এভারেস্টজয়ী তরুণ সাংবাদিক মুসা ইব্রাহীম বলেন, ‘কালাইয়ে আমার শৈশব, কৈশোর আর যৌবনের অনেক স্মৃতি রয়েছে। একসময় এখানে খালার বাড়িতে এসে নানা দুরন্তপনায় সময় কাটাতাম। পুকুরে পুকুরে মাছ ধরতাম, সাঁতার কাটতাম, পাখির পেছনে ছুটতাম, নান্দাইল দীঘিতে আড্ডা দিতাম কিংবা সারা দিন ঘুরে বেড়াতাম। কর্মজীবনে যত ব্যস্তই থাকি, কালাইয়ের মাটির গন্ধ আর এখানে পড়ে থাকা নানা স্মৃতি ঘুরেফিরে মনের মাঝে উঁকি দেয়।’মোসলেমগঞ্জ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, শিক্ষক সানোয়ার হোসেন, মুসা ইব্রাহীমের খালাতো ভাই আবদুল ওয়ারেছ, বাসুড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম, মাত্রাই কারিগরি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।পরে মুসা ইব্রাহীম শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন এবং হিমালয় অভিযানের রোমাঞ্চকর মুহূর্ত ও নানা প্রতিকূলতার বর্ণনা দেন।