কালাইয়ে কলেজছাত্র খুনের ঘটনায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় কলেজছাত্র খুনের ঘটনায় বিক্ষুব্ধ লোকজন গতকাল সোমবার প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাত্রাই উত্তরপাড়া গ্রামের অটোরিকশাচালক আবদুল করিমের ছেলে মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আবু হাসানকে (১৭) গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় প্রতিবেশী হুমায়ন (৩০) ও তাঁর সহযোগীরা মেলা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেন। এরপর থেকেই হাসান নিখোঁজ ছিল। ঘটনার পর থেকেই হুমায়ন আত্মগোপন রয়েছেন।পরে গত রোববার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ী গ্রামের একটি আলুখেত থেকে আবু হাসানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার তার আত্মীয়স্বজনেরা উত্তেজিত হয়ে প্রতিপক্ষের অন্তত পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ছাড়া তারা বাড়িগুলোতে আগুন লাগিয়ে দেয়। পরে বেলা একটার দিকে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক এ জেড এম সাদিক সিদ্দিকীর নেতৃত্বে র‌্যাব, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হোসেন এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্রনাথ বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবু হাসান হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।এদিকে খুনের ঘটনায় আবু হাসানের বাবা গোবিন্দগঞ্জ থানায় রোববার সন্ধ্যায় হুমায়নসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে গতকালের হামলা ও লুটপাটের ঘটনায় কোনো মামলা হয়নি।মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার বলেন, ‘যাদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনা ঘটেছে, তারা সবাই আবু হাসান হত্যা মামলার আসামি। হামলার খবর পাওয়ার পরপরই প্রশাসনকে জানানো হয়।’কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, পরে দুপুরের দিকে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হত্যা মামলার আসামিরা আত্মগোপনে রয়েছেন।