কালাইয়ে খাসজমি দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে অবৈধভাবে খাসজমি দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা জমি দখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হাটবাজার এমনকি কবরস্থানের জমিতেও ঘর তুলছেন। কবরস্থানের জমি দখলকারী ব্যক্তিরা দাবি করেন, মাত্রাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হাবিব তালুকদারের মৌখিক নির্দেশে তাঁরা কবরস্থানের জমিতে ঘর নির্মাণ করছেন।ঈদুল আজহার তিন দিন আগে সরেজমিনে গিয়ে মাত্রাই বাজার ও বাজারের আশপাশে বেশকিছু সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ ও মাত্রাই বাজারের পশ্চিম পাশে মাত্রাই মৌজার সোনারপাড়ায় ৯১৯ নম্বর দাগে ৫৫, ৯২০ নম্বর দাগে ১০ এবং ৯২৪ নম্বর দাগে ৭১ শতাংশ খাসজমি ছিল। এর মধ্যে ৯১৯ ও ৯২০ দাগের আংশিক এবং ৯২৪ দাগের পুরোটা আগেই দখল হয়ে গেছে। মাস খানেক আগে ৯১৯ ও ৯২০ নম্বর দাগের পাঁচ শতাংশ জায়গা দখল করে ভবন নির্মাণ করেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী মুক্তার হোসেন। এ বিষয়ে স্থানীয় আয়বর আলী গত ১৫ অক্টোবর উপজেলা ভূমি কার্যালয়ে অভিযোগ করেন। আওয়ামী লীগের কর্মী মুক্তার হোসেন দাবি করেন, ‘৯২০ নম্বর দাগে ১০ শতক জমি তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন। আর ৯১৯ দাগে ৬ শতক কবুলিয়ত সূত্রে পাওয়া। তবে দখল সূত্রে সর্বশেষ মাঠ রেকর্ডে ৯১৯ নম্বর দাগের ১৩ শতক বাবা হায়দার আলীর নামে রেকর্ড হয়েছে। ভবন যে জায়গায় নির্মাণ করা হয়েছে, তার একটু-আধটু সরকারি জায়গার ভেতর পড়লেও পড়তে পারে।’উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী আমানত আলী বলেন, ‘সরকারি খাস জায়গা এক শতাংশ দখল করে পাকা দালান তোলা হয়েছে—এটা মাপজোক করে নিশ্চিত হওয়া গেছে। মাপজোকের প্রতিবেদন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে জমা দেওয়া হয়েছে।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা. খালিদ হোসেন জানান, মুক্তার হোসেনের কাছে ৯২০ নম্বর দাগের জমির কাগজপত্র চাওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনো কাগজ দেখাতে পারেননি। ৯১৯ ও ৯২০ নম্বর দাগে উচ্ছেদ অভিযান চালানো হবে। কালাই-মাত্রাই সড়কের পাশে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রসংলগ্ন এলাকায় ২৫ শতাংশ জমি কবরস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ কবরস্থান দখল করে মাত্রাই মোল্লাপাড়ার বাবলু মোল্লা, মুনছুর রহমান, আবদুর রশিদ, আবদুল মতিন, আশরাফ আলী ও হাফিজার রহমান ঘর তুলেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কবরস্থান দখল করে ছয়টি বসতবাড়ি তোলা হয়েছে। কবরস্থান দখলকারী আবদুর রশিদ বলেন, ‘চিয়ারম্যান সাহেব বলেছে বলে হামরা মাথাগোঁজার জন্যি ঘর তুলিছি।’মাত্রাই ইউপি চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার দাবি করেন, সরকারি জায়গা দখলের বিষয়টি তাঁর জানা নেই। কবরস্থান দখল করে কাউকে ঘর তোলার নির্দেশ দেওয়ার প্রশ্নই আসে না।শওকত হাবিব দাবি করেন, আওয়ামী লীগ নয়, বিএনপির স্থানীয় নেতা-কর্মীরাও মাত্রাই বাজার এলাকার খাসজমি দখল করেছেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা. খালিদ হোসেন জানান, কবরস্থান দখলের বিষয়টিও দ্রুত খতিয়ে দেখা হবে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ওই অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই কালাইয়ের ইউএনও ও এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।