কালাইয়ে খুরা ও বাদলা রোগের ভ্যাকসিন-সংকট
জয়পুরহাটের কালাই উপজেলায় গবাদি প্রাণীর খুরারোগের প্রতিষেধক এফএমডি (ফুড অ্যান্ড মাউথ) এবং বাদলা রোগের বিকিউ (ব্ল্যাক কর্টার) ভ্যাকসিনের তীব্র সংকটে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৩৭টি গরুর খামার রয়েছে। এ ছাড়া উপজেলায় গৃহস্থদের পালা গরুর সংখ্যা অর্ধ লাখ। গরুকে খুরা ও বাদলা রোগ থেকে রক্ষা করতে নিয়মিত ভ্যাকসিন দিতে হয়। প্রতি মাসে উপজেলায় এ দুই রোগে কয়েক হাজার মাত্রার ভ্যাকসিনের চাহিদা থাকলেও বিগত কয়েক মাস ধরে দুই ধরনের ভ্যাকসিনেরই তীব্র সংকট বিরাজ করছে।শিকটা গ্রামের খামারি হারুনুর রশীদ বলেন, ‘এফএমডি ভ্যাকসিনের জন্য গত দুই মাস ধরে প্রাণিসম্পদ কার্যালয়ে ঘুরছি। কিন্তু না পেয়ে ফিরে আসছি।’কালাই শহরের শাওন ফার্মেসির শাহারুল আলম বলেন, ‘এফএমডি ও বিকিউ’ টিকা দেশীয় দু-একটি কোম্পানি বাজারজাত করলেও এখন সরবরাহ নেই। কোনো কোনো দোকানে ১৫ মাত্রার ভারতীয় এফএমডি ভ্যাকসিন ৩৮০-৪০০ টাকায় বিক্রি হয়ে থাকে।’উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘প্রতি মাসে এফএমডি ভ্যাকসিনের চাহিদা সাড়ে ৩০০ থেকে ৫০০ মাত্রা। অথচ গত দু-তিন মাস ধরে সরকারিভাবে এ টিকার কোনো সরবরাহ নেই। মাসে বিকিউ ভ্যাকসিনের চাহিদা কমপক্ষে ৫০০ মাত্রা হলেও সরবরাহ পাওয়া যায় সামান্য কয়েক মাত্রা।