কালাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সমাবেশ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় ছাত্রদলের বিবদমান দুটি পক্ষ গতকাল রোববার একই সময় এবং একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় প্রশাসন সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে। ফলে কোনো পক্ষই সমাবেশ করতে পারেনি। গতকাল বেলা দুইটায় শহরের তালুকদার শপিং কমপ্লেক্স ও ওমর রাইস মিল চত্বরের সামনে এ সমাবেশ হওয়ার কথা ছিল।উপজেলা ছাত্রদলের সভাপতি মওদুদ আলমের নেতৃত্বাধীন ছাত্রদলের একাংশ এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবতাদুল হকের নেতৃত্বাধীন ছাত্রদলের আরেকটি অংশ পাল্টাপাল্টি ওই সমাবেশ ডেকেছিল। দুটি পক্ষই কয়েক দিন ধরে নিজ নিজ সমাবেশ সফল করতে শহরে মাইকিং চালায়। রক্তপাত এড়াতে প্রশাসন রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে।উপজেলা ছাত্রদলের সভাপতি মওদুদ আলম বলেন, ‘বিএনপিতে ঘাপটি মেরে থাকা আওয়ামী এজেন্টরা কথিত ছাত্রদল নামধারীদের দিয়ে সমাবেশ বানচাল করতেই এমন পাল্টা কর্মসূচি দিয়েছে।’ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবতাদুল হক বলেন, ‘ছাত্রদল নামধারীরা পাল্টা কর্মসূচি দিয়ে তাঁদের সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহিম বলেন, ‘রক্তপাত এড়াতে এবং শান্তি ভঙ্গের আশঙ্কায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।’