কালাইয়ে টাকা নিয়ে বিনা মূল্যের বই বিতরণের অভিযোগ
জয়পুরহাটের কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় বিনা মূল্যের পাঠ্যবই পরিবহন ও কুলির মজুরির খরচ মেটানোর অজুহাত দেখিয়ে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দেওয়া ওই ৫০০ টাকা তুলতে গিয়ে প্রতিষ্ঠানের প্রধানেরা বিনা মূল্যের বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে ১০-২০ টাকা করে আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৪২টি বিদ্যালয় ও মাদ্রাসা আছে। এর মধ্যে ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক জানান, বিনা মূল্যের বই বুঝিয়ে দেওয়ার আগেই শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিষ্ঠানপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায় করা হয়। কার্যালয় থেকে প্রধান শিক্ষকদের বলা হয়, পরিবহন খরচ ও ট্রাক থেকে পাঠ্যপুস্তক নামানোর কাজে লাগানো কুলিদের মজুরি পরিশোধ করার জন্য ওই টাকা নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কালাই উপজেলার জগডুম্বর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষার্থীপ্রতি ২০ টাকা করে আদায় করেছেন। ওই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ৫০০। মাদ্রাসার সুপার আবদুল খালেক টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, বিনা মূল্যের পাঠ্যবই বুঝে নেওয়ার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ৫০০ টাকা চাঁদা দিতে হয়েছে। একজন কর্মচারীকে দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওই টাকা আদায় করেন।একই অজুহাতে কালাই ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রীদের কাছ থেকেও বিনা মূল্যের বই বিতরণের সময় ১০ টাকা করে আদায় করা হয়েছে। এ মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা তিন শতাধিক। মাদ্রাসার সুপার মাওলানা আমানুল্লাহ ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করার কথা স্বীকার করেছেন। কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী দাবি করেন, বিনা মূল্যের পাঠ্যবই বুঝিয়ে দেওয়ার সময় প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে কোনো প্রকার অর্থ আদায় করা হয়নি এবং বই বিতরণের সময় কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করছেন এমনটিও তাঁর জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. আবদুর রহিম বলেন, ‘বিনা মূল্যের পাঠ্যবই বই পরিবহন ও কুলির মজুরি বাবদ যে অর্থ খরচ করা হয়েছে, সেই অর্থ কোনোভাবেই প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে আদায় না করার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল। এর পরও কেউ প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে অর্থ আদায় করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ইউএনও আরও জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় অর্থ আদায় করেছে, এ অজুহাত দেখিয়ে যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করেন, তাহলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।