জয়পুরহাটের কালাই উপজেলার নুনগোলা খালের ওপর একটি সেতুর নির্মাণকাজ চলাকালে একাংশের সংযুক্ত দেয়াল (উইং ওয়াল) ধসে যাওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে। ওই সেতু নির্মাণকাজে অনিয়মের অভিযোগ এনে কালাই পৌরসভার মেয়র উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে অভিযোগ করেছেন।পিআইওর কার্যালয় সূত্র জানায়, কালাই-গঙ্গাদাসপুর-মোসলেমগঞ্জ সড়কের আঁওড়া কালিতলাসংলগ্ন নুনগোলা খালের ওপর পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরে সরকারিভাবে ২১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সেতু নির্মাণের কাজ পায় মেসার্স ডিও ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২৭ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদার মোহব্বত আলীর হয়ে কাজ শুরু করেন ঠিকাদার আলম হোসেন। সেতুর নির্মাণকাজ চলাকালে ১৮ এপ্রিল একাংশের সংযুক্ত দেয়াল ধসে যায়।সরেজমিনে গতকাল রোববার নির্মাণাধীন সেতু এলাকায় গিয়ে দেখা যায়, নির্মাণকাজ চলাকালেই পাশের মাটি ধসে এর সেতুর দক্ষিণ-পশ্চিম পাশের সংযোগ দেয়াল সামনের দিকে হেলে পড়েছে। নির্মাণশ্রমিক শফিউল আলম বলেন, ‘১৮ এপ্রিল পাশের সড়কের মাটি ধসে প্রচণ্ড ধাক্কা লাগে সদ্যনির্মিত সেতুর সংযোগ দেয়ালে। এতে দেয়াল ধসে যায়। এ ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় এক-দেড় শ ক্ষুব্ধ লোক কাজ বন্ধ করে দেন।’আঁওড়া গ্রামের আবদুল হক, রবিন চন্দ্রসহ অনেকেই অভিযোগ করেন, ‘বিকল্প রাস্তা তৈরি না করেই পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়েছে। আর নির্মাণাধীন সেতু ধসে যাওয়ার বিষয়টি ধামাচাপা দিতে ঠিকাদারের লোকজন হেলে যাওয়া অংশ রাতে তড়িঘড়ি করে ঠেলে সোজা করে সিমেন্ট-বালুর প্রলেপ দিয়ে ফাটলের চিহ্ন মুছে দিয়েছেন।কালাই পৌরসভার মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘মাটির চাপে সেতুর দেয়াল ভেঙে যাওয়া নজিরবিহীন। নিম্নমানের কাজ করায় এটা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পিআইওকে বলা হয়েছে।’ তবে ঠিকাদার আলম হোসেন দাবি করেন, সেতুর দেয়াল নির্মাণ এক দিনে সম্ভব নয়। পর্যায়ক্রমে দেয়াল নির্মাণ করতে গিয়ে কয়েক দিন আগে পাশের মাটি ধসে একটি দেয়ালের কিছু অংশ ধসে সামনের দিকে হেলে যায়। দেয়ালের যেটুকু অংশ ধসে গেছে তা ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।’ কালাইয়ের পিআইও এ কে এম মান্নান বলেন, ‘ওই সেতু নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের সুযোগ নেই। দুর্ঘটনাক্রমে পাশের মাটি ধসে সদ্যনির্মিত সেতুর দেয়ালের সঙ্গে ধাক্কা লাগায় ‘উইং ওয়ালের কিছু অংশ সামনের দিকে হেলে গেছে। ওই অংশ ভেঙে ফেলে নতুন করে নির্মাণের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’