কালাইয়ে ন্যায্যমূল্যের দাবিতে আলু ঢেলে মহাসড়ক অবরোধ
আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার আলু ঢেলে মহাসড়ক অবরোধ করেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। একই সঙ্গে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। জয়পুরহাট-ঢাকা মহাসড়কের কালাই শহরের যাত্রীছাউনিসংলগ্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আলুর ন্যায্য দাম না পেয়ে বিক্ষুব্ধ কৃষকেরা গতকাল সকাল সাড়ে ১১টার দিকে মানববন্ধন করেন। পরে জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তারা আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা, হিমাগারে আলু সংরক্ষণে কৃষকদের সুযোগ দেওয়া, হিমাগার ভাড়া কমানো, গ্রামে গ্রামে সরকারি ক্রয়কেন্দ্র চালুসহ সাত দফা দাবি তুলে ধরেন। এ জন্য সরকারি উদ্যোগ নেওয়ারও দাবি জানানো হয়।প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়া বানিহারা এলাকার চাষি সিরাজুল ইসলাম বলেন, ‘তিন একর জমিত আলু চাষ করিচুনু। দাম না পায়্যা ফতুর হয়ে এখন পথত বসিছি। এভাবে পথত বসমো জানলে এ বছর আলুই আবাদ করনো না হুনি।’ নজরুল ইসলাম বলেন, ‘ভালো ফলন পাওয়ার পরও ন্যায্য দাম পাইনি। তিন বিঘা জমিতে আলু চাষ করে ৩২ হাজার টাকা লোকসান হয়েছে।’ প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক সমিতির আহ্বায়ক অফির উদ্দিন, সদস্য সচিব শফিউল বারী, রবিউল ইসলাম, আবু জাকারিয়া প্রমুখ। এদিকে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে স্থানীয়ভাবে আরও হিমাগার স্থাপনে এগিয়ে আসার জন্য বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। তিনি চলতি মৌসুমে হিমাগারে প্রকৃত কৃষকদের আলু সংরক্ষণ নিশ্চিত করার ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার কালাইয়ের বেগুনগ্রাম মাঠে আলু উত্তোলনে মাঠ দিবসের অনুষ্ঠান শেষে স্থানীয় মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই নির্দেশ দেন। জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবুল কালাম আজাদ বক্তব্য দেন।