কালাইয়ে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান
জয়পুরহাটের কালাই পৌর এলাকায় ‘সরকার’ চাতালে ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার অভিযান চালিয়ে পাখি শিকারে ব্যবহূত ফাঁদ জব্দ করে তা ভেঙে ফেলার নির্দেশ দেন। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম আদালতের নেতৃত্ব দেন।দীর্ঘদিন ধরে ওই চাতালকলের কয়েকজন শ্রমিক অভিনব ফাঁদ বানিয়ে দেশি প্রজাতির বিভিন্ন পাখি শিকার করে বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে গতকাল প্রথম আলোয় ‘অভিনব ফাঁদে অবাধে পাখি শিকার’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। বেলা ১১টার দিকে আদালত ওই চাতালকলে অভিযান চালান। এর আগেই অভিযুক্ত পাখিশিকারিরা গা-ঢাকা দেন। অভিযান চলাকালে চাতালের মালিক খায়রুল আনাম এই মর্মে আদালতকে আশ্বস্ত করেন, অভিযুক্ত পাখিশিকারিদের তাঁর চাতালকলে শ্রমিক হিসেবে আর নেওয়া হবে না।কালাই থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, আদালত অভিযান চালানোর আগেই পাখি ও খাঁচাগুলো সরিয়ে ফেলা হয়।