কালাইয়ে পিটিয়ে ও নাঙ্গলকোটে পুড়িয়ে গৃহবধূ হত্যার অভিযোগ
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের নানাহার গ্রামে গত সোমবার রাতে মর্জিনা আক্তার (১৪) নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মর্জিনার বাবা আবুল হোসেন গতকাল মঙ্গলবার কালাই থানায় একটি হত্যা মামলা করেছেন। এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে যৌতুকের দাবিতে রাবেয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: পারিবারিক সূত্রে জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুসুমশহর গ্রামের আবুল হোসেনের মেয়ে মর্জিনার সঙ্গে কালাই উপজেলার নানাহার গ্রামের আনারুল ইসলামের ছেলে রবিউল ইসলামের বিয়ে হয় গত বছরের ২৫ সেপ্টেম্বর।মর্জিনার মা আমেছা বিবি অভিযোগ করেন, বিয়ের এক মাস যেতে না যেতেই একটি মোটরসাইকেল দাবি করেন রবিউল। এ নিয়ে মর্জিনাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন তাঁর স্বামী। এক সপ্তাহ আগেও রবিউল শ্বশুরবাড়ি এসে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দেন। সোমবার রাতে মর্জিনাকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। সোমবার গভীর রাতে তাঁকে জয়পুরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে যান রবিউল।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইদুর রহমান জানান, মর্জিনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মর্জিনার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তারে অভিযান চলছে।গৃহবধূকে পুড়িয়ে হত্যা: এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার তুলাতুলি গ্রামের সুরুজ মিয়ার মেয়ে রাবেয়া আক্তারের সঙ্গে একই উপজেলার রায়কোট গ্রামের সামছুল হকের ছেলে খোকন মিয়ার বিয়ে হয় আট মাস আগে। বিয়ের সময় খোকনকে যৌতুক হিসাবে ৮০ হাজার টাকা দেওয়া হয়। সম্প্রতি খোকন আরও যৌতুক দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।রাবেয়ার ভাই আলমগীর হোসেন অভিযোগ করেন, সোমবার রাত সাড়ে তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় রাবেয়ার গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন খোকন। পরে রাবেয়ার শাশুড়ি বকুল আক্তার ও চাচা শ্বশুর হায়াত আলী রাবেয়াকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে কাঁচপুর ব্রিজের কাছে রাবেয়া মারা যান। লাশ নিয়ে ফেরার পথে কুমিল্লার চান্দিনা থানার পুলিশ হায়াত আলী ও বকুল আক্তারকে আটক করে নাঙ্গলকোট থানায় সোপর্দ করে।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা সুরুজ মিয়া একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে রবিউল পলাতক।