কালাইয়ে বার্ড ফ্লু আক্রান্ত তিন হাজার মুরগি নিধন
জয়পুরহাটের কালাই উপজেলায় একটি খামারের বার্ড ফ্লু আক্রান্ত তিন হাজার মুরগি নিধন করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় প্রশাসনের উদ্যোগে উপজেলার পুনট বাজারের ‘রিলায়েন্স মুরগি খামার’-এ নিধন করা হয় ওই মুরগিগুলো।খামারটির মালিক মাহবুবুল ইসলাম জানান, খামারে ব্রয়লার জাতের তিন হাজার মুরগি পালন করা হচ্ছিল। প্রতিটি মুরগির ওজন হয়েছিল প্রায় এক কেজি। গত শুক্রবার খামারের বেশ কয়েকটি মুরগি মারা গেলে তা পরীক্ষার জন্য জয়পুরহাট আঞ্চলিক প্রাণিসম্পদ গবেষণাকেন্দ্রে পাঠানো হয়। সেখানে বার্ড ফ্লু ধরা পড়ার পর প্রশাসনের উদ্যোগে খামারের অন্য মুরগিগুলোও নিধন করার উদ্যোগ নেওয়া হয়।কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবদুর রহিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন, কালাই থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মালিক ছাড়াও রাতে মুরগি নিধনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।