কালাইয়ে ব্যবহারিক পরীক্ষার নামে টাকা আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসির ব্যবহারিক পরীক্ষার্থীদের কাছ থেকে সংশ্লিষ্ট শিক্ষকেরা হাজার হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা না দিলে ফেল করিয়ে দেওয়া হতে পারে—এমন আশঙ্কায় পরীক্ষার্থী-অভিভাবক কেউ বিষয়টির প্রতিবাদ করছেন না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কেন্দ্রে এবার পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের ২৩১ জন এবং উচ্চতর গণিত, কৃষিবিজ্ঞান ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকেরা প্রতি বিষয়ে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী জানায়, লিখিত পরীক্ষার শেষ দিনেই ব্যবহারিক পরীক্ষার হলে বিষয়প্রতি ৩০০ টাকা করে নিয়ে যেতে তাদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা বলে দিয়েছিলেন। টাকা না দিলে ফেল করিয়ে দেওয়া হতে পারে—এমন হুমকিও দেওয়া হয়েছিল। বাধ্য হয়ে পরীক্ষকের হাতে বিষয়প্রতি ৩০০ টাকা করে তুলে দিয়েছে।বহিঃপরীক্ষক রফিকুল ইসলাম, মাহবুব রতন ও আবদুল আলিমসহ সংশ্লিষ্ট শিক্ষকেরা এ প্রসঙ্গে বলেন, ‘পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। কেউ শত্রুতাবশত এসব অভিযোগ করছেন।’নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার নামে টাকা আদায় নতুন কিছু নয়। টাকা না দিয়ে শিক্ষার্থীরা পার পায় না।’ নাম প্রকাশ না করার শর্তে একজন পরীক্ষার্থী জানায়, ‘ব্যবহারিক পরীক্ষার প্রথম দিন টাকা না দেওয়ায় আমাকে খাতা দেওয়া হয়নি। পরে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে স্যারদের টাকা দেওয়ার পর আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়েছে।’ জানতে চাইলে ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব এম এ মান্নান তালুকদার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘বিষয়টি আমার কানেও এসেছে, তবে কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ করেনি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলার পরীক্ষা কমিটির সভাপতি আবদুর রহিম বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করলে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।’রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা বলেন, ‘ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া আইনসিদ্ধ নয়। বিষয়টি খতিয়ে দেখতে জয়পুরহাট জেলা প্রশাসককে বোর্ডের পক্ষ থেকে জানানো হবে।’