কালাইয়ে ভোটকেন্দ্র দখল, জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনিয়ে নেওয়া এবং ভোটারদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। ভোট কারচুপির অভিযোগে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ তিন মেয়র পদপ্রার্থী ভোট বর্জন করেছেন। এদিকে জয়পুরহাট সদর পৌরসভার তিনটি কেন্দ্রে ককটেলের বিস্ফোরণ হয়েছে।
কালাই পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১২ হাজার ১৫৭ জন। ভোটকেন্দ্র ৯টি। মেয়র পদে প্রার্থী ছিলেন পাঁচজন।
কালাই পৌরসভা নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলে। বেলা ১১টার আগে পাঁচ-সাতজন যুবক কালাই মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে ঢুকে ৩ নম্বর বুথ থেকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নেন এবং নৌকা প্রতীকে সিল মারেন। এ সময় ভোট গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিলে তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।
এ ঘটনার পর বেলা ১১টা ৪৫ থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত ভোট বন্ধ থাকে। পরে ভোট নেওয়া শুরু হয়। ডিগ্রি কলেজের প্রিসাইডিং কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, ২৫ মিনিট ভোট বন্ধ ছিল। একটু ঝামেলা হওয়ায় তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করতে যান। পরে ভোটাররা এলে ভোট নেওয়া হয়।
তবে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম অভিযোগ করেন, সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেননি। ডিগ্রি কলেজ গেটের সামনে হলুদ কাপড়ের নৌকা মার্কা টুপি পরে কয়েকজন যুবককে স্লোগান দিতেও দেখা যায়।
২ নম্বর ওয়ার্ডের কালাই বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার মনোয়ার হোসেন ও নুরবানু বলেন, ভোট দিতে গেলে কয়েকজন যুবক তাঁদের ভয়ভীতি দেখান। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহফুজ আলম বলেন, কেন্দ্রের বাইরে গন্ডগোল হওয়ায় কিছুক্ষণের জন্য ভোটাররা ভোট দিতে আসেননি।
এসব ঘটনায় বেলা আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী আনিছুর রহমান তালুকদার ও জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী আমিনুল ইসলাম। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী খন্দকার হালিমুল আলমকে জয়ী করতে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমানের নেতৃত্বেই ভোটকেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারা হয়।
মিনফুজুর রহমান বলেন, তাঁরা নিশ্চিত পরাজয় জেনে মিথ্যা অভিযোগ এনেছেন।
এদিকে জয়পুরহাট সদর পৌরসভায় তিনটি কেন্দ্রে নয়টি ককটেলের বিস্ফোরণ হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজ ভোটকেন্দ্রে পাঁচটি ককটেল, সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রের বাইরে একটি ও কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তিনটি ককটেলের বিস্ফোরিত হয়। এ সময় ভোটাররা আতঙ্কে কেন্দ্র থেকে পালিয়ে যান। জয়পুরহাট সরকারি কলেজের বাণিজ্য ভবন কেন্দ্রে কর্তব্যরত পুলিশ উপপরিদর্শক রেজাউল আকন্দ বলেন, তিনি কক্ষের ভেতরে ছিলেন। ওই সময় চার-পাঁচটি বিকট শব্দ হয়েছে।
সিপিবির মেয়র পদপ্রার্থী দেওয়ান বদিউজ্জামান বলেন, জয়পুরহাট সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, তালিমুল ইসলাম একাডেমী ও কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ে জাল ভোট ও বিভিন্ন অনিয়ম হয়। তিনি ওই চারটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।