কালাইয়ে মেয়র পদে একই পরিবারের তিন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে কালাইয়ের তালুকদার পরিবার থেকে তিনজন মেয়র প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন সাজ্জাদুর রহমান তালুকদার ওরফে সোহেল এবং তাঁর দুই চাচা আনিছুর রহমান তালুকদার ও তোজাম্মেল হোসেন তালুকদার। এ ছাড়া সোহলের চাচাতো বোনের ছেলে সাজ্জাদুর রহমান ওরফে কাজলও মেয়র প্রার্থী।
তাঁদের মধ্যে সাজ্জাদুর ওরফে সোহেল বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি কালাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তাঁর চাচা স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান পৌর বিএনপির সহসভাপতি। তিনি গত পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। তোজাম্মেল হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর অবশ্য কোনো দলীয় পরিচয় নেই। এ ছাড়া সোহেলের ভাগনে কাজল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার জানতে চাইলে সোহেল প্রথম আলোকে বলেন, তিনি বিএনপির মনোনয়ন পেয়ে মেয়র প্রার্থী হয়েছেন। পরিবার থেকে তাঁর আরও দুই চাচা স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন। এ ছাড়া তাঁর ভাগনে কাজলও লড়ছেন। রাজনীতি ও ভোটের লড়াইয়ে নামলেও তাঁদের পারিবারিক সম্পর্কের কোনো অবনতি ঘটেনি।
এ বিষয়ে আনিছুর বলেন, নির্বাচন নিয়ে ভোটের প্রতিযোগিতা থাকলেও তাঁদের পারিবারিক সম্পর্ক ঠিক আছে। তিনি আরও বলেন, তাঁর বড় ভাই আফজাল হোসেন তালুকদার এই পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী কাজল বলেন, তালুকদার পরিবার তাঁর নানাকুলের পরিবার। ওই পরিবারের বেশি প্রার্থী হওয়ায় তিনি এবারের ভোটে সবচেয়ে বেশি লাভবান হবেন। তিনি গত পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই মেয়র পদে নির্বাচন করার জন্য কাজ করে আসছেন। তিনি মানুষকে সেবা দিয়ে আসছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
এই পৌরসভার মেয়র পদে মোট সাতজন প্রার্থী রয়েছেন। অন্য তিনজন প্রার্থী হলেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী খন্দকার হালিমুল আলম, জাতীয় পার্টির আমিনুল ইসলাম ও অপর স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দীন মোল্লা।
আওয়ামী লীগের প্রার্থী হালিমুল আলম বলেন, তিনি আশা করেন, তালুকদার পরিবারের বেশি প্রার্থী হওয়ায় এবারে নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।
২০০১ সালের ২১ জানুয়ারি কালাই পৌরসভা গঠিত হয়। এরপর প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমান মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা খন্দকার হালিমুল আলম। পরবর্তী দুটি নির্বাচনে তালুকদার পরিবার থেকে মেয়র নির্বাচিত হয়। এই পৌরসভার ভোটার ১২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৮৪৮ ও নারী ভোটার ৬ হাজার ৩০৯ জন।