কালাইয়ে যুবলীগ নেতাকে রগ কেটে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন যুবলীগের নেতা তৌহিদুল ইসলামকে (২৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। তৌহিদুলের বাবা মো. আফজাল হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার বিকেলে কালাই থানায় মামলাটি করেন। মামলায় চার মহিলাসহ ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। তৌহিদুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত রোববার রাতে পুলিশ বিয়ালা গ্রামের হিরু মিয়ার স্ত্রী রোবেয়া বেগমকে (২১) গ্রেপ্তার করেছে। গত সোমবার আদালতের মাধ্যমে তাঁকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার সকালে উপজেলার মাত্রাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিয়ালা গ্রামের তৌহিদুলকে বাড়ি থেকে তুলে নিয়ে পায়ের রগ কেটে হত্যা করে করে দুর্বৃত্তরা। পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিয়ালা গ্রামের নূরুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুর রাজ্জাক, শাহাজান, রেজাউল করিম প্রমুখ। মামলার বেশির ভাগ আসামি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।মামলায় অভিযোগ করা হয়, আসামিরা নারায়ে তাকবির স্লোগান দিয়ে তাঁর ছেলে তৌহিদুলকে বাড়ি থেকে তুলে নিয়ে দুই পায়ের রগ কেটে নির্যাতন করে হত্যা করে। গত ৭ মার্চ বিয়ালা বাজারে মাত্রাই ইউনিয়ন বিএনপির সভাপতি বিয়ালা গ্রামের ইয়াকুব আলী প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানে হত্যা করা হবে।