জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে উপজেলা শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় জয়পুরহাট টেকনিক্যাল কলেজে এ ঘটনা ঘটে। এ কারণে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল হয়ে যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিদ্যালয় এবং জিডি সূত্রে জানা গেছে, সোমবার জয়পুরহাট টেকনিক্যাল কলেজে বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক এবং কম্পিউটার প্রদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রতিটি বিষয়ে তিনজন করে প্রার্থী অংশ নেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রদর্শক পদে লিখিত পরীক্ষায় তিনজন প্রার্থীই অকৃতকার্য হন। গ্রন্থাগারিক পদে মাত্র একজন প্রার্থী কোনো রকমে উত্তীর্ণ হন। এ অবস্থায় সেখানে উপস্থিত নিয়োগ বোর্ডের সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারী ফকিরকে নিয়োগ পরীক্ষা স্থগিত করে পুনরায় দরখাস্ত আহ্বানের পরামর্শ দেন।শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী অভিযোগ করেন, ‘বিধি অনুযায়ী নিয়োগ পরীক্ষা স্থগিত করে পরবর্তী সময়ে দরখাস্ত আহ্বান করার জন্য প্রধান শিক্ষককে পরামর্শ দেওয়া হয়। এ কারণে প্রধান শিক্ষক আমাকে গালিগালাজ করতে থাকেন এবং হুমকি দেন। একপর্যায়ে তিনি আমাকে মারধর করতে উদ্যত হন।’ প্রধান শিক্ষক আবদুল বারী বলেন, ‘নিয়োগ বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত লিখিতভাবে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে তাঁকে গালিগালাজ করেছি।’