কালাইয়ে ৩০টি স্থানে জুয়ার আসর
জয়পুরহাটের কালাই উপজেলার অন্তত ৩০টি স্থানে জুয়ার আসর বসানো হচ্ছে। এসব আসরে বসে সর্বস্বান্ত হচ্ছে এলাকার শত শত মানুষ। এসব আসর থেকে পুলিশ-দালাল-রাজনৈতিক দলের নেতারা নিয়মিত মাসোহারা পান বলে অভিযোগ রয়েছে। এমনকি পুলিশের ছত্রচ্ছায়ায় বেশকিছু জুয়ার আসর চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, পুলিশ, দালাল ও নেতাদের ছত্রচ্ছায়ায় উপজেলার অন্তত ৩০টি স্থানে নিয়মিত জুয়ার আসর বসছে। উদয়পুর ইউনিয়নের জুয়ার আসর বসে তালোড়াবাইগুনী গ্রামের জব্বারের বাড়ির পেছনে ও শবদল দিঘির পাড়ে, বাইগুনী-ঝামুটপুর খালপাড়, বিনইল ডাসপুকুর ও পার্শ্ববর্তী একটি গভীর নলকূপের ঘরে, মোসলেমগঞ্জ বাজারের ইউপি ভবনসংলগ্ন স্থানে ও তেলিহার-ভুষা গ্রামে। এ ইউনিয়নের সীমান্তবর্তী শিবারবানসংলগ্ন একটি ঝোপঝাড়ে সারা বছর ধরেই জুয়া চলে। মাত্রাই ইউনিয়নে আসর বসে বিয়ালা পূর্বপাড়া গভীর নলকূপ ঘরে ও সাঁতার গ্রামের একটি বাঁশঝাড়ে। আহমেঞ্চদাবাদ ইউনিয়নে আসর বসে ঝামুটপুর উত্তরপাড়া, হারুঞ্জা ও ভাবকি গ্রামে এবং বালাইট মাঠের একটি গভীর নলকূপের ঘরে। জিন্দারপুর ইউনিয়নের অন্যতম জুয়ার আখড়াগুলোর মধ্যে রয়েছে বাখড়া খালপাড়ে, আতাহার গ্রামের বাঁশঝাড় ও পুকুরপাড়ে। অনুসন্ধানে জানা গেছে, কালাই পৌর এলাকার আঁওড়া মহল্লার কুমড়াদহ পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে বসছে জুয়ার আসর। এ আসর থেকে কালাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা নিয়মিত টাকা নেন। এ আসরের একজন জুয়াড়ি নাম প্রকাশ না করার শর্তে জানান, চাহিদামতো টাকা না পেয়ে ওই এএসআই কয়েক দিন আগে আসরে হানা দিয়ে চারজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। এরপর তাঁদের জেলহাজতে পাঠানো হয়। কালাই উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতে নেওয়ার ভয় দেখিয়ে কালাই থানার ওই এএসআই তিনজনের কাছ থেকে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন। অভিযোগের বিষয়ে মুঠোফোনে প্রশ্ন করা হলে এএসআই মাসুদ রানা বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘এসপি স্যারের অফিসে জরুরি কাজে এসেছি, ফিরে গিয়ে কথা বলব।’ পরবর্তী সময়ে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কালাই থানার ওসি মোখলেছুর রহমান দাবি করেন, তাঁর থানায় কোনো জুয়াখেলা হয় না। পরবর্তী সময়ে তিনি বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। কাউকে আটক করলে থানা থেকে ছাড়া হয় না। পুলিশের কেউ জুয়ার আসর থেকে টাকা তোলা কিংবা জুয়াড়িদের কাছ থেকে অর্থ আদায়ের বিষয়টি তাঁর জানা নেই।উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, জুয়া বন্ধে পুলিশকে সব সময়ই তাগাদা দেওয়া হয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও জুয়া বন্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।