কালাইয়ের পাঁচ সড়কে ছয় কালভার্ট ভাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার গুরুত্বপূর্ণ পাঁচ সড়কে ঝুঁকিপূর্ণ ছয় ভাঙা কালভার্টের কারণে উপজেলা সদরের সঙ্গে পাঁচ ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বছরের পর বছর ধরে এসব কালভার্ট বেহালভাবে পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এসব সড়কে ভারী যান চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ। কোনো কোনো সড়কে ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। সরেজমিনে দেখা গেছে, জয়পুরহাট-রাজাবিরাট-গোবিন্দগঞ্জ সড়কের কালাই উপজেলার মাত্রাই বাজারের পশ্চিম প্রান্তের প্রবেশমুখে একটি কালভার্ট দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গাইবান্ধা জেলা ও দিনাজপুরের দক্ষিণ অংশের সঙ্গে জয়পুরহাটের যোগাযোগ রক্ষাকারী আন্তজেলা সড়কে প্রতিদিন বাস, ট্রাক, অটোরিকশা, টেম্পোসহ শত শত হালকা ও ভারী যানবাহন চলাচল করে। কালাই-মাত্রাই সড়কের বোড়াই গ্রামসংলগ্ন স্থানে একটি কালভার্ট ভেঙে এ সড়কেও ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সড়ক দিয়ে উপজেলার মাত্রাই, উদয়পুর ও আহমেঞ্চদাবাদ ইউনিয়নের মানুষ উপজেলা সদরে যাতায়াত করে। জয়পুরহাট-রাজাবিরাট-গোবিন্দগঞ্জ সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও কালাই-মাত্রাই সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) দেখভাল করছে।মাত্রাই সোনারপাড়ার বাসিন্দা রেজাউল ইসলাম অভিযোগ করেন, এ কালভার্ট কম করে হলেও পাঁচ বছর ধরে ভেঙে পড়ে রয়েছে। গোবিন্দগঞ্জ-জয়পুরহাট পথের বাসচালক লাল মিয়া বলেন, ‘ভাঙা এ কালভার্টের কারণে ঝুঁকি নিয়ে বাস চালাতে হয়। একটু এদিক-ওদিক হলেই ভাঙা গর্তে বাস পড়ে যায়।’ এলজিইডির কালাই-ক্ষেতলাল উপজেলা সড়কে দুটি কালভার্টের একটি ভেঙে যাওয়ায় প্রায় দুই বছর ধরে এ সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। ফলে কালাই ও ক্ষেতলাল উপজেলায় চলাচলকারী পণ্যবাহী যান চলাচল করছে প্রায় সাত কিলোমিটার পথ ঘুরে।কালাই-মোলামগাড়ি-দুপচাঁচিয়া সড়কের পৌর এলাকার বাণিজ্যিক কলেজ-সংলগ্ন এলাকায় একটি কালভার্ট ভেঙে আছে তিন বছর ধরে। জিন্দারপুর ও পুনট ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী এ সড়কের ভাঙা কালভার্টটি মেরামতের উদ্যোগ নেয়নি এলজিইডি। বেগুনগ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান হাবিব চৌধুরী বলেন, প্রতিদিনই এ ভাঙা কালভার্টে পড়ে কারও না কারও হাত-পা ভাঙছে।কালাই উপজেলার পুনট-বফলগাড়ি সড়কে ঐতিহ্যবাহী পুনট বাজারের প্রবেশমুখে একটি ভাঙা কালভার্টের কারণে বাজারে সব ধরনের পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে দীর্ঘদিন। বাজারের চাতাল ব্যবসায়ী মুকুল মো. আহসান হাবিব বলেন, কালভার্টটি সংস্কারের উদ্যোগ না থাকায় বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ী বিপাকে পড়েছেন।এলজিইডির কালাই উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, অর্থাভাবে এত দিন ওই কালভার্টগুলো মেরামত করা যায়নি। তবে চলতি অর্থবছর এগুলো মেরামত ও দু-একটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।