কালাইয়ের বাতাসে কীটনাশকের বিষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় খেতে কীটনাশকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। পোকামাকড় দমনের নামে এলাকার কৃষকেরা না বুঝেই নির্মল বাতাসে ছড়িয়ে দিচ্ছেন কীটনাশকের বিষ। আর এই বিষ ঢুকে পড়ছে মানবদেহে। এতে মানুষের স্বাস্থ্যঝুঁকিও বেড়ে গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছাত্তার খেতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এখানকার কৃষকদের কীটনাশকের প্রতি অতি উৎসাহ দেখে আমি হতবাক। পোকামাকড় ও রোগবালাই দমনে তাঁরা পুরোপুরি কীটনাশক-নির্ভর হয়ে পড়েছেন। এ এলাকার ফসলি মাঠের বাতাসেও এখন বিষ ভেসে বেড়ায়।’কৃষক ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপজেলায় ফসলে কীটনাশকের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। কীটনাশক ব্যবহারে ক্ষতিকর পোকার সঙ্গে মারা পড়ছে উপকারী পোকামাকড়ও। খেতে কারণে-অকারণে কীটনাশক ছিটানোর কারণে বিষাক্ত হচ্ছে এলাকার বাতাস। এই বিষাক্ত বাতাসের প্রভাবে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। মানবদেহে রোগবালাই ছড়িয়ে পড়ছে; বাড়ছে ফুসফুস ও শ্বাসকষ্টজনিত রোগ। আবার কীটনাশক ছিটানো ফসল থেকে তৈরি করা খাবার খেয়ে লোকজন পাকস্থলী ও পেটের নানা পীড়ায় আক্রান্ত হচ্ছে।নওপাড়ার কৃষক আবদুর রশিদ বলেন, ‘খেতে কীটনাশক ছিটানো ফসল তো নিজেকেও খেতে হয়। কীটনাশকের বিষ পেটে গেলে স্বাস্থ্যের ক্ষতি হবে জেনেও ফসল বাঁচাতে কীটনাশক ছিটাতে হচ্ছে।’উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, বর্তমানে এই এলাকার কৃষকেরা পুরোপুরি কীটনাশকনির্ভর হয়ে পড়েছেন। পোকা দমনের নামে খেতে কীটনাশক ছিটিয়ে কৃষকেরা উপকারী পোকাও মেরে ফেলছেন। অথচ উপকারী পোকাই ক্ষতিকর পোকা দমনের জন্য যথেষ্ট।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্র অর্ণব আল শাহরিয়ার বলেন, জমিতে কীটনাশকের ব্যবহার বেড়ে গেলে তা বাতাসে ছড়িয়ে পড়বে। আর এই বিষাক্ত বাতাস পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু হোসেন বলেন, কালাইয়ে যে হারে কীটনাশক ছিটানো হচ্ছে, তাতে কীটনাশকের বিষ বাতাসে ছড়িয়ে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে ঢুকে পড়ছে। এতে ফুসফুসজনিত নানা রোগ হতে পারে। আর কীটনাশক ছিটানো ফসল থেকে তৈরি করা খাবার খেয়ে নানা ধরনের পেটের পীড়া হচ্ছে। আবার যাঁরা এসব কীটনাশক ছিটানোর কাজে জড়িত, তাঁদের স্বাস্থ্যঝুঁকি ছাড়াও বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।