কালাজ্বর নির্মূলে পাঁচ দেশের সমঝোতা স্মারক
কালাজ্বর নির্মূলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সমঝোতা স্মারক করেছে বাংলাদেশ। এ ছাড়াও মালদ্বীপ ও ভারতের সঙ্গে দুটি চুক্তি করেছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পর্যায়ে মন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীরা ভিসেরাল লেইশম্যানিয়াসি (কালাজ্বর) নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বলেন, ২০১৬ সাল পর্যন্ত বিনামূল্যে কালাজ্বরের ওষুধ সরবরাহের নিশ্চয়তা পাওয়া গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১৪ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী কালাজ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এ ছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, মালদ্বীপ থেকে বাংলাদেশের মেডিকেল কলেজ ও নার্সিং কলেজগুলোতে এখন মালদ্বীপের ছাত্রছাত্রীরা পড়তে আসবেন। একই সঙ্গে মালদ্বীপের হাসপাতালে বাংলাদেশি চিকিত্সক ও নার্সরা কাজ করার সুযোগ পাবেন। বাংলাদেশে থেকে ওষুধও নেবে মালদ্বীপ। বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী হুসেইন রশিদ নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সনাতন ওষুধ আদান-প্রদানের চুক্তি হয়। বাংলাদেশের স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন এবং ভারতের সিদ্ধা ও হোমিওপ্যাথি বিভাগের সচিব নীলাঞ্জন সান্যাল চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী দু’দেশের মধ্যে সকল ধরনের প্রথাগত ওষুধের কাঁচামাল আদান-প্রদান করা হবে। বিশেষজ্ঞ, দক্ষ চিকিত্সকও বিনিময় করা হবে।এ ছাড়াও স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষার জন্যে বৃত্তি এবং একটি একাডেমিক চেয়ার স্থাপনের ব্যাপারেও চুক্তি হয়েছে।