কালি ও কলম-এর কলকাতা সংস্করণ

দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যে গত শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো বাংলাদেশের মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম-এর কলকাতা সংস্করণ। ওই দিন সন্ধ্যায় এ উপলক্ষে কলকাতার কলামন্দির মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রদীপ জ্বালিয়ে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও কবি শঙ্খ ঘোষ। আলোচনায় অংশ নেন অধ্যাপক আনিসুজ্জামান, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবি শঙ্খ ঘোষ, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত, ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ। কালি ও কলম পত্রিকার কলকাতা সংস্করণের সম্পাদক হয়েছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। চার সদস্যের সম্পাদকমণ্ডলীতে আছেন অধ্যাপক আনিসুজ্জামান, আবুল হাসনাত, সাহিত্যিক বাণী বসু এবং চিত্রকর গণেশ হালুই। পত্রিকাটি গত জুলাই থেকে কলকাতায় প্রকাশিত হচ্ছে। গতকাল এ প্রকাশনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘কলকাতার প্রখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে পেয়ে আমরা ধন্য। কলকাতায় এই পত্রিকা কলকাতাবাসীর মন জয় করতে পারলেই সার্থক হবে কলকাতা সংস্করণ প্রকাশের উদ্যোগ।’ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘ওপারের জনপ্রিয় পত্রিকা এবার এপার থেকে বের হচ্ছে, খুশিরই খবর। আমাদের এখানে এ ধরনের একটি পত্রিকার প্রয়োজন ছিল। কালি ও কলম সেই প্রয়োজনীয়তা মেটাবে।’