কালিকা ছিলেন একজন শিল্পী ও সাধক

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ বলেছেন, লোকগানের সাধনায় একসময় জং ধরে গিয়েছিল। সে সময় কালিকা লোকগানকে বেছে নিয়েছিলেন। তাঁর মৃত্যু শুধু একজন শিল্পীর মৃত্যু নয়, মৃত্যু হয়েছে একজন বিশ্লেষকের।
গতকাল শনিবার বিকেলে সদ্য প্রয়াত প্রখ্যাত লোকগানশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে স্মরণ করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে সিলেটের সাংস্কৃতিক সংগঠন নগর নাট ‘তুমি এসো ফসলের ডাকে/ বটের ঝুড়ির ফাঁকে/ আরও এসো স্বপ্নঘুমে...’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে চলে স্মৃতিচারণা।
শুরুতে কালিকাপ্রসাদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। নাঈম বিন আতিকের সঞ্চালনায় কালিকাপ্রসাদের সুর করা গান পরিবেশন করেন অরূপ বাউল ও উজ্জ্বল চক্রবর্তী।
স্মৃতিচারণায় বক্তব্য দেন সংস্কৃতিকর্মী হুমায়ন কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরকার সোহেল, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত।
কালিকাপ্রসাদের আদি নিবাস ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায়। বক্তারা বলেন, কালিকা লোকগান প্রচারে ১৯৯৯ সালে গানের দল ‘দোহার’ গঠন করেন। নাড়ির টানে তিনি সিলেটে আসতেন।