কালিদাস বড়াল হত্যার ১১তম বার্ষিকী আজ
বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা কালিদাস বড়ালের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২০ আগস্ট। ২০০০ সালের এই দিনে বাগেরহাট শহরের সাধনার মোড়ে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম বলেন, কালিদাস বড়ালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কোনো কর্মসূচি হাতে নেয়নি।নিহত ব্যক্তির স্ত্রী হ্যাপি বড়াল জানান, গ্রামের বাড়ি চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খাসেরহাট গ্রামে আজ কালিদাস বড়ালের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবারের সদস্যরা তাঁকে স্মরণ করবেন। স্থানীয় কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ে এলাকাবাসী ও কলেজ কর্তৃপক্ষের যৌথ আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাগেরহাট শহরের গোবিন্দ মন্দিরে পরিবারের পক্ষ থেকে বৈষ্ণব ভোজন অনুষ্ঠিত হবে। মামলার বাদীপক্ষের আইনজীবী এ কে আজাদ ফিরোজ জানান, হত্যা মামলাটি বর্তমানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে। মামলার অভিযোগপত্রভুক্ত ২১ জন আসামির মধ্যে ১০ জন জামিনে রয়েছেন, সাতজন পলাতক এবং বাকি চারজন কথিত ক্রসফায়ারে নিহত হয়েছেন।