কালিম পাখির তিন ছানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবাশ্রমে কালিমের ডিম থেকে তিনটি ছানা ফুটেছে। একনাগাড়ে ১৮ দিন ডিমে তা দিয়ে গতকাল শনিবার বিকেলে স্ত্রী কালিমটি তিনটি ছানা নিয়ে ডিম ছেড়ে উঠে এসেছে।সেবাশ্রমে আশ্রিত প্রাণীগুলো দেখভালের দায়িত্বে নিয়োজিত সজল দেব ও সঞ্জিত দেব বলেন, গত ২১ জুন কালিমের খাঁচায় ছয়টি ডিম নিয়ে তা দিতে বসেছিল স্ত্রী কালিমটি।বিকেলে উপজেলার রূপসপুর গ্রামে সেবাশ্রমে গিয়ে দেখা যায়, কুচকুচে কালো রঙের মুরগির ছানার মতো তিনটি ছানা নিয়ে কালিম দম্পতি খাঁচার ভেতরে ঘুরে বেড়াচ্ছে। মাটি থেকে খাবার খুঁটে নিয়ে মা কালিমটি বাচ্চাগুলোর মুখে তুলে দিচ্ছে। কাছে গেলে মা কালিমটি লাফ দিয়ে তেড়ে আসে।সঞ্জিত দেব বলেন, ছানাগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে এদের রংও পাল্টাতে থাকবে। ক্রমশ এদের পশম নীলচে বেগুনি রঙের হবে। অনেকটা ময়ূরের রং ধারণ করবে।বন্য প্রাণী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব বলেন, কালিমের বৈজ্ঞানিক নাম Poৎphyৎio poৎphyৎio। সুদর্শন পাখিদের মধ্যে কালিম একটি। কালিমের ঠোঁট লাল। শরীরের পালক নীলচে বেগুনি। বকের মতো লম্বা পা। লম্বা আঙুলযুক্ত পায়ের রং লাল। লেজের দিকটা সাদা এবং খাটো। এরা পোকামাকড়, কচি গাছের ডগা ও শামুক খেয়ে জীবন ধারণ করে। এরা জোড়ায় জোড়ায় অথবা দলবদ্ধভাবে বসবাস করে। একসময় দেশের হাওর-বাঁওড়ে এদের বিপুল পরিমাণে দেখা যেত, কিন্তু এখন খুব একটা চোখে পড়ে না। তবে শ্রীমঙ্গলের হাইল হাওরে, কুলাউড়ার হাকালুকি হাওরে এদের এখনো দেখা যায়। তবে সংখ্যায় অনেক কমে গেছে।সিতেশ দেব বলেন, পানির ওপরে জমে থাকা ভাসমান মজা উদ্ভিদ অথবা পানির কাছাকাছি স্থলভাগে নলখাগড়ার বনে এরা বাসা বাঁধে। স্ত্রী কালিম সাধারণত ছয়টি ডিম দেয়। ডিম দেওয়ার পর থেকে স্ত্রী কালিম ডিমে তা দেওয়া শুরু করে। ১৮-১৯ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে।সিতেশ দেব বলেন, বর্ষাকাল এদের প্রজনন ঋতু। তিনি বলেন, মজার বিষয় হচ্ছে, স্ত্রী কালিমের মন জয় করে তবেই পুরুষ কালিমকে মিলনে যেতে হয়। আর স্ত্রী কালিমের মন জয় করার জন্য পুরুষ কালিমকে শারীরিক কসরত দেখাতে হয়। কসরত প্রদর্শনকালে ঠোঁটে কচি ঘাস বা ডগা নিয়ে পুরুষ কালিমটি স্ত্রী কালিমের চারপাশে ঘুরে ঘুরে নৃত্য করে। নৃত্যে মুগ্ধ হলেই কেবল স্ত্রী কালিম মিলনে সম্মতি দেয়।