কালিয়াকৈরে কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক ছুটির টাকা প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ করা ও মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় গতকাল সোমবার একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, চন্দ্রা এলাকার মাহামুদ জিনস লিমিটেড কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে তাঁদের এক বছরের বকেয়া বার্ষিক ছুটির টাকা চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পরিশোধের দিন ধার্য করা হয়। কিন্তু ওই ছুটির টাকা না দিয়ে উল্টো ছাঁটাইসহ নানাভাবে শ্রমিকদের হয়রানি করতে থাকে কর্তৃপক্ষ।
এর জের ধরে গত ১০-১২ দিন ধরে শ্রমিকেরা বার্ষিক ছুটির টাকা প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ করা এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন। গত ২০ ফেব্রুয়ারি কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকজন শ্রমিকের নামে কালিয়াকৈর থানায় ভাঙচুর ও চুরির মামলা করে। পুলিশ রোববার রাতে চন্দ্রা এলাকার ভাড়া বাসা থেকে কারখানার শ্রমিক জাহাঙ্গীর ও শাহাদাতকে ওই মামলায় গ্রেপ্তার করে। তাঁদের গ্রেপ্তারের খবর গতকাল সকালে কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে প্রায় চার হাজার শ্রমিক কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কর্তৃপক্ষ নেতৃস্থানীয় ১৫-১৬ জনকে কারখানার ভেতরে ডেকে পাঠায়। পরে তাঁদের স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিলেও তাঁরা তাতে রাজি হননি। এতে কর্তৃপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁদের মারধর করে।
এ খবর পেয়ে অন্য শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। এ সময় পুলিশের বাধার মুখে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান।
শ্রমিকদের মারধরের অভিযোগ অস্বীকার করে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান তালুকদার বলেন, শ্রমিকেরা কিছুদিন ধরে অযৌক্তিক দাবি তুলে কর্মবিরতি পালন করে আসছেন। এ ছাড়া তাঁরা বেশ কয়েকজন কর্মচারীকে মারধরও করেছেন। তবে দুই শ্রমিককে গ্রেপ্তারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া জানান, শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করলে কারখানায় গতকাল সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গ্রেপ্তার হওয়া দুই শ্রমিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।