কালিয়াকৈরে কুপিয়ে কারখানা শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ৭
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় গত মঙ্গলবার সকালে কারখানার সীমানা নিয়ে বিরোধে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সাত আসামিকে গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড চেয়েছে।
নিহত ব্যক্তি হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নবুয়ারবাগ এলাকার ইসাক আলী সওদাগরের ছেলে আনিছুর রহমান (৪০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় জেএমএস কম্পোজিট নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানা রয়েছে। ওই কারখানার দক্ষিণ পাশে ঢাকার সামছুল হক নামের এক ব্যবসায়ীর সানমুন টেক্সটাইল নামের একটি পরিত্যক্ত কারখানা রয়েছে। দুই কারখানার মাঝে কোনো সীমানাপ্রাচীর নেই। সম্প্রতি সামছুল হক আমির হোসেন ও আনোয়ার হোসেন নামের দুই ব্যক্তির কাছে কিছু জমি বিক্রি করে দেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে আমির হোসেন ও আনোয়ার হোসেন ৩০-৩৫ জন সন্ত্রাসী নিয়ে জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করতে যান। তখন কারখানার উৎপাদন কর্মকর্তা আলমগীর হোসেনসহ ১০-১২ জন শ্রমিক বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা দা, লাঠি, রড নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। জেএমএস কম্পোজিট নিটওয়্যার লিমিটেড কারখানার সাতজন শ্রমিককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি হাসপতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক আনিছুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পুলিশ অভিযান চালিয়ে কারখানা এলাকা থেকে আমির হোসেন, আনোয়ার হোসেন, মো. ফিরোজ ও মুকুল হোসেন এবং উপজেলার পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকা থেকে জসিম উদ্দিন, মো. হিমেল ও ফিরোজ আহাম্মেদকে গ্রেপ্তার করেছে।