কালিয়াকৈরে কুপিয়ে শ্রমিক হত্যা, সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানার সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়  আনিছুর রহমান (৪০) নামের এক পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আনিছুর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নবুয়ারবাগ এলাকার ইসাক আলী সওদাগরের ছেলে। আহত ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন, জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও মো. পারভেজ। তাঁদের টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকেরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈরের নিশ্চিন্তপুর এলাকায় জেএমএস কম্পোজিট নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানা রয়েছে। ওই কারখানার দক্ষিণ পাশে সামছুল হক নামের এক ব্যবসায়ীর সানমুন টেক্সটাইল নামের একটি পরিত্যক্ত কারখানা আছে। দুই কারখানার মধ্যে কোন সীমানা দেয়াল নেই। জেএমএস নিটওয়্যারের মালিকপক্ষের দাবি, সানমুন টেক্সটাইল যেখানে নির্মিত হয়েছে সেখানে তাঁদেরও জমি আছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সম্প্রতি আমির হোসেন ও আনোয়ার হোসেন নামের দুই ব্যক্তির কাছে কিছু জমি বিক্রি করে দেন সামছুল হক। আজ সকাল সাড়ে সাতটার দিকে আমির ও আনোয়ার ৩০-৩৫ জন ক্যাডার নিয়ে জমিতে সীমানা দেয়াল নির্মাণ করতে যান। এ সময়ে জেএমএসের উত্পাদন কর্মকর্তা আলমগীর হোসেনসহ ১০-১২ জন শ্রমিক কাজে বাধা দেন। তখন আমির ও আনোয়ারের ক্যাডাররা দা, লাঠি, রড নিয়ে ওই শ্রমিকদের ওপর হামলা চালায়।

হামলায় জেএমএস কম্পোজিট নিটওয়্যার লিমিটেড কারখানার সাতজন শ্রমিক আহত হন। তাঁদের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আনিছুর রহমানকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানা পুলিশ নিহত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ অভিযান চালিয়ে কারখানা এলাকা থেকে আমির হোসেন (৫৮), আনোয়ার হোসেন (৩৫), মো. ফিরোজ (৩৫) ও মুকুল হোসেন (২৮) এবং উপজেলার পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন (২৬), মো. হিমেল (৩০) ও ফিরোজ আহাম্মেদকে (২৮) গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জমি-জমা নিয়ে। তাই সেখানে শিল্প পুলিশের কোনো ভূমিকা নেই।

কারখানার কর্মকর্তা মো. হুমায়ূন কবীর প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের কারখানার পাশে ৩০ শতাংশ জমি রয়েছে। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তিনি বলেন, কোনো আলোচনা ছাড়াই প্রতিপক্ষ দেয়াল করতে এলে শ্রমিকেরা বাধা দেন। এতে প্রতিপক্ষের লোকেরা হামলা চালিয়ে ও কুপিয়ে একজনকে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান ভূঁইয়া কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, হত্যার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।