কালিয়াকৈরে ঝুটভর্তি ট্রাকে আগুন, গ্রেপ্তার ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গত রোববার রাতে ঝুটভর্তি একটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঝুট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ১১ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।
মামলার অন্যতম আসামি ইউনুছ ও শামিমকে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, সিরাজ উদ্দিন ও তাঁর ছেলে বাবুল সরকার দীর্ঘদিন ধরে মাহমুদ ডেনিমস লিমিটেড কারখানার ঝুট (পরিত্যক্ত কাপড়) কিনে বিক্রি করতেন। রোববার রাতে ওই কারখানা থেকে প্রায় ১০ লাখ টাকার ঝুট একটি ট্রাকে ভরে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় কারখানার ফটক থেকে কিছুদূর যাওয়া মাত্র ২০-২৫ জন দুর্বৃত্ত ট্রাক থামিয়ে চালক সালাম উল্লাহকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তারা ট্রাকে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে ঝুটসহ ট্রাকটি পুড়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।