কালিয়াকৈরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, ট্রেন চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর রেলক্রসিং এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ ঘটনায় রাজশাহী-জয়দেবপুর রেললাইনে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, কালামপুর এলাকা থেকে সন্ধ্যায় একটি ট্রাক চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাচ্ছিল। ট্রাকটি কালামপুর রেলক্রসিংয়ে রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। সন্ধ্যা সাতটার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয় । এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে নেয়। পরে রাত ৯টার দিকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি রেল লাইন থেকে সরানোর পর ওই লাইনে টেন চলাচল স্বাভাবিক হয়েছে।