কালিয়াকৈরে দুই পক্ষের সংঘর্ষ, প্রতিমা ভাঙচুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি পক্ষ হামলা চালিয়ে স্থানীয় মন্দিরের প্রতিমা ভাঙচুর করে। হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা গ্রামে গত বুধবার রাত নয়টায় পার্শ্ববর্তী রতনপুর গ্রামের আলী খান নামের এক যুবক একটি মেয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় পূর্ব চান্দরা গ্রামের শাহীন মিয়াসহ কয়েকজন যুবক তাঁদের সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে পরদিন বৃহস্পতিবার সকালে রতনপুর গ্রামের আলীর নেতৃত্বে ২০-২৫ জন যুবক আবার পূর্ব চান্দরা গ্রামে এসে শাহীনসহ কয়েকজনকে মারধর করে চলে যান। দুই পক্ষের বিবাদ মীমাংসায় গতকাল শুক্রবার বিকেলে পূর্ব চান্দরা অভিলাষের মন্দিরের সামনে সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় মুরব্বিরা বিষয়টির মীমাংসা করে দেন। কিন্তু রতনপুর গ্রামের আলী, আসলাম, সাদ্দাম, সুমন, পাপনসহ কয়েকজন যুবক বিচার না মেনে শাহীন, রিয়াজ ও পবিত্র বর্মণের ওপর হামলা চালান। এ সময় তাঁরা অভিলাষের মন্দিরে আশ্রয় নেন। হামলাকারীরা মন্দিরে ঢুকে তাঁদের মারধর করেন এবং আসন্ন দুর্গাপূজার জন্য তৈরি করা প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যান। হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়।
মন্দিরের সভাপতি পূর্ণ চন্দ্র বর্মণ জানান, পূজার বেশি দেরি নেই। শেষ মুহূর্তে এসে নতুন তৈরি করা প্রতিমা ভেঙে ফেলায় এই গ্রামে পূজা বন্ধ হয়ে গেল।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক মোনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।