কালিয়াকৈরে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আজ বুধবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার খারাজুড়া এলাকার তুরাগ সিএনজি স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে পিয়াসা বিনিময় পরিবহন নামের যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি পৌনে দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খারাজুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একতা পরিবহন নামের একটি বাসের সঙ্গে এই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিয়াসা বিনিময় পরিবহনের এক যাত্রী নিহত হন। তবে তাঁর নাম জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, লাশটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ঘটনার পর দুটি বাসের চালক পলাতক। ওসি আরও জানান, মহাসড়কে দুর্ঘটনার কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে দুই দিকেই যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে।