কালিয়াকৈরে দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় শেজাদ ডিজাইন নিটওয়্যার লিমিটেড কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে বিক্ষোভ করেন।
সড়ক অবরোধ করে তাঁরা ভাঙচুর করেন বেশ কয়েকটি যানবাহন। পরে পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটায় কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন।
অপরদিকে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে গতকাল বিকেলে উপজেলার ভান্নারা এলাকায় আফতাব গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, ৫ জুলাই সন্ধ্যায় নাশতা খেয়ে শেজাদ ডিজাইন নিটওয়্যার কারখানার পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। শ্রমিকেরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের চিকিৎসার ব্যয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ ওই টাকা দিতে অস্বীকৃতি জানায়। চিকিৎসার ব্যয়ের টাকার দাবিতে শ্রমিকেরা গত সোমবার বিকেলে কারখানার ব্যবস্থাপক প্রসন কুমারের কাছে যান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকেরা তাঁকে মারধর করেন।
এ ঘটনার জের ধরে কর্তৃপক্ষ রাতেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। একই সঙ্গে একটি নোটিশ কারখানার প্রধান ফটকে টাঙিয়ে দেয়।
শ্রমিকেরা গতকাল সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন।
শ্রমিকেরা সড়ক থেকে না সরলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এরপর পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা। পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ শ্রমিক আহত হন। তাঁরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। সড়কের উভয় দিকে পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. মান্নান আলী বলেন, ভান্নারা এলাকায় আফতাব গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষ গত দুই দিনে ২৮ জন শ্রমিককে ছাঁটাই করে। এর প্রতিবাদে ও গত জুন মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা গতকাল দুপুরের পর থেকে কর্মবিরতি শুরু করেন। বিকেলে শ্রমিকেরা কারখানার ভেতর বিক্ষোভ করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে। দুটি কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।