কালিয়াকৈরে পাল আমলের স্থাপনা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী মঠেরচালা এলাকায় পাল আমলের প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে প্রত্নস্থলে দাঁড়িয়ে গাজীপুর-৪ আসনের সাংসদ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এ কথা জানান।
সিমিন হোসেন বলেন, এই প্রত্নস্থানে এ পর্যন্ত যে কয়টি স্থাপনা ও স্থাপনার অংশ পাওয়া গেছে, তা দেশের ইতিহাসে নতুন সংযোজন। সরকারিভাবে এগুলো সংরক্ষণ করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের উদ্যোগে বড়ইবাড়ী মঠেরচালা এলাকায় খননকাজের বিষয়ে গতকাল একটি সেমিনারের আয়োজন করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আখতারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সিমিন হোসেন রিমি। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক আতাউর রহমান, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্র জানায়, দুই বছর ধরে ওই এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণার কাজ করছে ঐতিহ্য অন্বেষণ। গত বছর ও চলতি বছর খননে যেসব স্থাপনা বেরিয়ে আসছে, তাতে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদের চিত্রই গবেষকদের সামনে ভেসে উঠছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের সফিপুর বাজার থেকে ১৩ কিলোমিটার উত্তরে বড়ইবাড়ী মঠেরচালা গ্রামটি অবস্থিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক বিভাগের উদ্যোগে সেখানে খননে মাটির নিচ থেকে বেরিয়ে আসছে ইটের তৈরি নকশা, দেয়ালের বাইরে হাতে কাটা ইটের জালি নকশা ও বিভিন্ন স্থাপনা।