কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার একটি পোশাক তৈরি কারখানায় গতকাল সোমবার কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। কারখানার এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করায় তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক সূত্রে জানা গেছে, চন্দ্রা এলাকার হার্ডি অ্যাসোসিয়েট লিমিটেড কারখানার উৎপাদন কর্মকর্তা (পিএম) গাজী রোকনকে গত রোববার চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগদান করতে এসে পিএমের চাকরিচ্যুত হওয়ার বিষয়টি জানতে পারেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকেরা কাজে যোগদান না করে পিএম গাজী রোকনকে চাকরিচ্যুত করার প্রতিবাদ জানিয়ে কারখানার সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় শ্রমিকেরা ওই কর্মকর্তাকে কাজে পুনর্বহালের দাবি জানান। খবর পেয়ে শিল্প পুলিশ কারখানায় গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে শান্ত করলেও শ্রমিকেরা কাজে যোগদান না করে কারখানার সামনে অবস্থান নেন।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, পিএম গাজী রোকনকে চাকরিচ্যুত করায় শ্রমিকেরা ওই সব কর্মসূচি পালন করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।