কালিয়াকৈরে মদ পান করে দুজনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলস্টেশন এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে মদ পান করে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন মো. হাসান আলী (২৮) ও শাহীন মিয়া (৩০)। হাসানের বাড়ি উপজেলার মাঝুখান এলাকায় ও শাহীনের বাড়ি ফরিদপুরে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রেলস্টেশনের পাশে প্রতিদিনই মদ বিক্রির হাট বসে। নিয়মিত মাদকসেবীদের আড্ডা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে ১০-১২জন মাদকসেবী সেখানে বসে মদপান করেন। অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে আজ ভোরে দুজন মারা যান। গুরুতর অসুস্থ চারজনকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।
রতনপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ভাষ্য, রেলস্টেশনের পাশে প্রতি রাতেই মদের হাট বসে। সেখান থেকে পুলিশ নিয়মিত মাসোহারা নিয়ে থাকে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।