কালিয়াকৈরে লিবাস কারখানার ভবনে ফাটল আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পোশাক তৈরির একটি কারখানায় শ্রমিকদের মধ্যে ফাটল-আতঙ্ক বিরাজ করছে। গতকাল শনিবার কারখানার তৃতীয় তলায় দুটি টাইলস ভেঙে গেলে তাঁদের মধ্যে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক সূত্র জানায়, উপজেলার মৌচাকের নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানায় গতকাল সকালে কাজে যোগদান করেন শ্রমিকেরা। সকাল ১০টার দিকে কাজ করার সময় কারখানার তৃতীয় তলার সুইং সেকশনের ফ্লোরের দুটি টাইলসের মাঝখান দিয়ে হঠাৎ ফেটে যায়। এ সময় ওই সেকশনের শ্রমিকদের মধ্যে ফাটল-আতঙ্ক দেখা দেয়। সঙ্গে সঙ্গে কারখানায় ফাটল ধরেছে—এমন গুজব শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকদের মধ্য থেকে বিপদ সংকেতের সাইরেন বাজানো হলে কারখানার তিন সহস্রাধিক শ্রমিক কাজ বন্ধ করে হুড়োহুড়ি করে বের হয়ে আসেন। পরে কারখানা কর্তৃপক্ষ আসলেই ফাটল ধরেছে কি না, তা দেখতে তৃতীয় তলার ফেটে যাওয়া দুটি টাইলসসহ আশপাশের টাইলস উঠিয়ে ফেলে। পরে দেখতে পায়, শুধু টাইলস ফেটে গেছে। এ সময় কারখানা কর্তৃপক্ষ থেকে ফাটল ধরেনি বলা হলেও শ্রমিকেরা তা মানতে নারাজ। খবর পেয়ে দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস একটি দল ওই কারখানায় গিয়ে ফাটল ধরা টাইলস দেখে নিশ্চিত করে, শুধু টাইলস ফেটে গেছে, ভবনে কোনো ফাটল ধরেনি। পরে দুপুরের পর শ্রমিকদের মধ্যে কিছু কাজে যোগদান করলেও বেশির ভাগ শ্রমিক বাড়ি চলে যান।

লিবাস টেক্সটাইল কারখানার নির্বাহী কর্মকর্তা এম এ মান্নান জানান, কারখানার তৃতীয় তলার দুটি টাইলস মেশিন বা শ্রমিকদের পায়ের চাপ পড়ে ফেটে গেলে শ্রমিকদের মধ্যে ফাটলের গুজব ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে যান। এতে ভবনের কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হননি। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, খবর পেয়ে কারখানায় গিয়ে ফাটল ধরা টাইলসের স্থান দেখে নিশ্চিত হওয়া গেছে, শুধু টাইলস ফেটে গেছে। ভবনে কোনো ফাটল ধরেনি।