গাজীপুরের কালিয়াকৈরে লেগুনার চাপায় মৃদুল (৮) নামের এক শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার মৌচাক দোকানপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মারা গেছেন এক পোশাকশ্রমিক।
কালিয়াকৈরে নিহত মৃদুল নওগাঁর সাপাহার থানার চরমুডাঙ্গা এলাকার আবদুল্লাহর ছেলে। তার বাবা-মা কালিয়াকৈরের দোকানপাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের দোকানপাড় এলাকায় গতকাল বিকেল চারটার দিকে রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী যাত্রীবোঝাই লেগুনাটি শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে কোনাবাড়ী হাইওয়ে থানা- পুলিশ লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
কোনাবাড়ী হাইওয়ে থানার উপপরিদর্শক (এএসআই) জামাল হোসেন বলেন, লেগুনাটি আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কাভার্ডভ্যানের চাপায় আবদুস সালাম মাঝি (৫৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের ফতুল্লা থানার মাসদাইর পুলিশ লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম পঞ্চবটী বিসিক শিল্প নগরের ইয়াসিন নিটিং মিলের শ্রমিক ছিলেন। এলাকাবাসী কাভার্ডভ্যানসহ চালক আমির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবদুস সালাম পিরোজপুর জেলার গোবরাপাড়া এলাকার রায়হান উদ্দিনের ছেলে। তিনি মাসদাইর কবরস্থান এলাকায় বাসা নিয়ে থাকতেন।