কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি পোশাক কারখানার শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ২০ পুলিশ সদস্য ও কমপক্ষে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।
কারখানার কয়েকজন শ্রমিক জানান, পূর্ব চান্দরার এপেক্স লিনজেরি লিমিটেড নামের একটি কারখানার সেলাই কাজের তত্ত্বাবধায়ক মাইনুল ইসলাম কয়েক দিন আগে এক নারী শ্রমিককে মারধর করেন। ওই ঘটনায় শ্রমিকেরা উত্তেজিত হলে মাইনুলকে সাময়িক বরখাস্ত করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। গতকাল সকালে মাইনুল একই কাজে যোগ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। বেলা তিনটার দিকে শ্রমিকদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন নিরাপত্তকর্মীরা। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে ২৪টি কাঁদানে গ্যাসের শেল ও ছয়টি শটগানের গুলি ছোড়ে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। সন্ধ্যা ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।