কালিয়াকৈরে ১৫টি যান ভাঙচুর, একটি বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বুধবার বাসের চাপায় এক পথচারী আহত হন। এর জের ধরে উত্তেজিত জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে ১৫-১৬টি যানবাহন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর পরিবহন নামের একটি বাস মৌচাক এলাকায় শাজাহান মিয়া (৪০) নামের এক পথচারীকে চাপা দেয়। এরপর বাস রেখে পালান চালক। আশপাশের লোকজন এগিয়ে এসে শাজাহানকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনার জের ধরে এলাকাবাসী ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে এবং ভাঙচুর করে ১৫-১৬টি যানবাহন। অবরোধের ফলে মৌচাক এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে অগ্নিসংযোগে বাসের সব আসন, জানালাসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে কালিয়াকৈর থানা, মৌচাক ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।