কালিয়ায় উৎকণ্ঠায় সংখ্যালঘু ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা উৎকণ্ঠায় রয়েছেন। বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা তাঁদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার সরেজমিনে পৌর এলাকার নানা শ্রেণি-পেশার অন্তত ৫০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ছোট কালিয়া, বেন্দা, কুলসুর, রামনগর, শালবরাত, বড় কালিয়া, মির্জাপুর, কার্তিকপুর ও গোবিন্দনগর মহল্লার সংখ্যালঘু ভোটাররা উৎকণ্ঠায় রয়েছেন।
বেন্দা মহল্লার সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন ভোটার বলেন, পাশের বেন্দারচর গ্রামে নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হকের বাড়ি। এ গ্রাম থেকেই মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র এমদাদুল হক, মো. মুশফিকুর রহমান, সোহেলী পারভিন ও মো. শেখ লায়েক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা ও বিএনপির প্রার্থী ওহিদুজ্জামান মিলু।
বেন্দা মহল্লার নমিতা বিশ্বাস, শিপ্রা বিশ্বাস ও মিনতি সরকার বলেন, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক ছাড়াও মেয়র পদের অন্য প্রার্থীর সমর্থকেরা ভোট দিতে বলেছেন। এতে তাঁরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।
চাঁদপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে নৌকা প্রতীকের সমর্থকেরা আমার বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা দুটি ফাঁকা গুলি বর্ষণ করেন। ইট-পাটকেল নিক্ষেপসহ অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন।’
জেলা পূজা উদ্যাপন পর্ষদের সাধারণ সম্পাদক ও বেন্দা মহল্লার বাসিন্দা কোমল আঁখি বলেন, বিভিন্ন প্রার্থীর লোকজন গ্রামের ভোটারদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের হুমকিধমকি দিয়ে চাপের মধ্যে রেখেছেন। ২০১১ সালের ১১ জানুয়ারি কালিয়ায় পৌর নির্বাচন হয়। নির্বাচনে পরাজিত প্রার্থীর লোকজন হিন্দু ভোটারদের বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ লুটপাট করে।
নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী এমদাদুল ও মুশফিকুর রহমান বলেন, নৌকা প্রতীকের সমর্থকেরা নৌকায় ভোট না দিলে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ৩০ ডিসেম্বরের পর হাত-পা ভেঙে হাসপাতালে পাঠানো হবে বলে হুমকি দিচ্ছেন। তবে তাঁদের কোনো সমর্থক সংখ্যালঘুদের হুমকি দিচ্ছেন না। বিএনপির প্রার্থী ওহিদুজ্জামান মিলু বলেন, ‘গণসংযোগের সময় আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার সমর্থকদের হুমকিধমকি দিচ্ছেন। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। আমার কোনো সমর্থক কাউকে হুমকি দিচ্ছেন না।’
আওয়ামী লীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এগুলো সব মিথ্যা কথা। নির্বাচনে আমার অবস্থা ভালো দেখে আওয়ামী লীগের “বিদ্রোহী” (স্বতন্ত্র) প্রার্থীরা তাঁদের ভরাডুবির আশঙ্কায় নির্বাচন বানচাল করতে গুজব রটাচ্ছেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও কালিয়া রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত গাইন বলেন, কালিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হুমকিধমকি দেওয়া হচ্ছে—এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।