কালিয়ায় বিপণি বিতানে ফাটল
নড়াইলের কালিয়া পৌরসভার কলেজ সড়কের রায় সুপার মার্কেট নামের একটি বিপণিবিতানের দ্বিতল ভবনের ছয়টি স্থানে ফাটল দেখা দিয়েছে। কয়েক দিন আগে পৌর কর্তৃপক্ষ ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে শিশির কুমার রায় নামের এক ব্যক্তি পৌরসভার অনুমতি নিয়ে ওই বিপণিবিতানের একতলা এবং পরের বছর দ্বিতল ভবন নির্মাণ করেন। পাঁচ বছর আগে ভবনটির ছাদের একাংশে মুঠোফোন কোম্পানি সিটিসেলের একটি টাওয়ার নির্মাণ করা হয়। সম্প্রতি দ্বিতল ভবনের ওপর আরও একতলা নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আগে থেকেই ফাটল সৃষ্টি হওয়ায় পৌরসভার মেয়র ও প্রকৌশলী তিনতলা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন। সরেজমিনে দেখা গেছে, ওই বিপণিবিতানের নিচতলায় ২০টি, দ্বিতীয় তলার এক পাশে কয়েকটি ফ্ল্যাট এবং অপর পাশে বাংলাদেশ কৃষি ব্যাংকের কালিয়া শাখা রয়েছে। ভবনের ছাদে সিটিসেলের একটি টাওয়ার। ভবনটির ছয়টি স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। তবে ভবনমালিক বালু ও সিমেন্ট দিয়ে ফাটলগুলো মেরামত করেছেন। ভবনের দ্বিতীয় তলায় যে স্থানে ব্যাংকের শাখা, সেখানে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। তবে শিশির কুমার রায় দাবি করেন, তাঁর রায় সুপার মার্কেটের ভবনে কোনো ফাটল ধরেনি। পলেস্তারা খসে পড়ায় ভবনের কিছু স্থান মেরামত করা হয়েছে। কৃষি ব্যাংক কালিয়া শাখার ব্যবস্থাপক রামকৃষ্ণ শীল বলেন, তাঁরা ভবনের ফাটলের বিষয়টি জানানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যাংকের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। পৌর মেয়র বি এম ইমদাদুল হক বলেন, পৌরসভার প্রকৌশলীকে নিয়ে ১৭ জুন সরেজমিনে পরিদর্শন করার পর ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।