কালিয়ার প্রথম নারী মেয়র প্রার্থী

পৌরসভা প্রতিষ্ঠার ৩৯ বছরের মধ্যে এই প্রথম নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে সোহেলী পারভিন নামের এক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি পৌরসভার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।
নারী ভোটারসহ জেলা পর্যায়ের নারী নেত্রীরা মনে করছেন, সোহেলী মেয়র পদে নির্বাচন করছেন, এটি দেখে নারীরা তাঁদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও সাহসী হয়ে উঠবেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৭৬ সালে এ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। কিন্তু এ পর্যন্ত মেয়র পদে এই পৌরসভায় কোনো নারীর দায়িত্ব পালন তো দূরের কথা, কেউ প্রতিদ্বন্দ্বিতাই করেননি। এবারই প্রথম সোহেলী পারভিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, নির্বাচনে মেয়র পদে সোহেলী পারভিন ছাড়া আরও ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা, বিএনপির প্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বি এম এমদাদুল হক, ফকির মো. মুশফিকুর রহমান, শেখ লায়েক হোসেন ও এস এম একরাম রেজা। পৌরসভার মোট ভোটার ১৪ হাজার ১৪৪।
সোহেলী পারভিনের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি এইচএসসি পাস করেছেন। পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনি দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সাল থেকে তিনি ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। দলের কাছে তিনি মনোনয়ন চেয়ে আবেদন করেননি। তিনি রাজনীতির পাশাপাশি নারী অধিকার প্রতিষ্ঠায় বেশ কয়েকটি নারী সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি নারী উন্নয়ন ফোরামের কালিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক।
সোহেলী পারভিন বলেন, ‘বিগত দিনে জনগণের সুখ-দুঃখে পাশে থাকায় ও নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় এবার তাঁদের অনুরোধে আমাকে মেয়র পদে নির্বাচন করতে হচ্ছে। আমার নির্বাচনী প্রতীক জগ।’ আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য প্রার্থীদের সঙ্গে মেয়র পদে তাঁর প্রতিদ্বন্দ্বিতাকে অনেকে ইতিবাচক হিসেবেই দেখছেন বলে মনে করেন তিনি।