ফরিদপুর সদর উপজেলায় অবস্থিত কালি তৈরির একটি কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ে শিবরামপুর, ঘনশ্যামপুর, মাঝারডাঙ্গি ও ধুলদি রাজাপুর গ্রামের ২০ হাজার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। এসব এলাকার বাসিন্দারা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছেন এবং মাঠের গাছগাছড়া ও ফসল নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, কালো ধোঁয়া মিশে বাতাশে কার্বন মনো-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এ ধোঁয়া ফুসফুসে গেলে শ্বাসকষ্টসহ ফুসফুসের বিভিন্ন জটিল রোগ হতে পারে। এটা দীর্ঘস্থায়ী হলে ক্যানসার পর্যন্ত হতে পারে। বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় বমির প্রবণতা দেখা দিতে পারে।
এলাকাবাসী পরিবেশদূষণের হাত থেকে রক্ষার আবেদন জানিয়ে ১১ জুলাই জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর সঞ্চারকলিপি দিয়েছেন। এলাকার ২০৩ জন নাগরিক ওই সঞ্চারকলিপিতে সই করেন।
স্মারকলিপিতে বলা হয়, সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর-খলিলপুর সড়কের ছোট বটতলা আবাসিক এলাকায় আড়াই মাস আগে দুই একর ২৬ শতক ফসলি জমিতে ডংফান মিলস লিমিটেড নামের একটি কারখানা স্থাপন করা হয়। ওই কারখানার খোলা জায়গায় পাটকাঠি পুড়িয়ে কালি তৈরি করা হয়। এর ফলে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ওই ধোঁয়া ও ছাইয়ে আক্রান্ত হয়ে এলাকাবাসী হাঁচি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে এলাকার বৃদ্ধ ও ছোট শিশুদের শ্বাসকষ্ট জাতীয় রোগ দেখা দিয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদ বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কারখানা এলাকায় চলতে দেওয়া হবে না। গ্রামবাসীর সঞ্চারকলিপি পাওয়ার পর আমি তা তদন্ত করে দেখার জন্য পরিবেশ অধিদপ্তরে পাঠিয়েছি। তাদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি নিজেকে ওই কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরিচয় দিয়ে জানান, চীনের মালিকানাধীন ডংফান কোম্পানি এই কালি উৎপাদন করছে। এই কোম্পানির পক্ষে তিনি কারখানা দেখাশোনা করেন। কালো ধোঁয়ায় পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘শুরুতে ২০ ফুট উঁচু চিমনি বসানো হয়েছিল। আমি মালিকদের বলে সেটি ৩২ ফুট করেছি। কারখানা চালু হওয়ার পর দেখা যাচ্ছে, এই চিমনিতেও কাজ হচ্ছে না। ঈদের বন্ধের সময় চিমনিগুলোর প্রয়োজনীয় সংস্কার করা হবে।’
মনিরুল ইসলাম আরও জানান, এই কারখানায় প্রতিদিন ৫০ টন পাটকাঠি পুড়িয়ে ছয় টন কালি (ছাইয়ের গুঁড়া) উৎপাদন করা হয়। এই কালি ১৫ কেজি ওজনের বস্তায় ভরে চীনে তাদের মূল কোম্পানিতে পাঠানো হয়। দেশের খুলনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলায়ও এ ধরনের কারখানা রয়েছে।
১৩ জুলাই সরেজমিনে দেখা গেছে, কারখানার চারপাশে ফসলি জমি ও আবাসিক এলাকা। কারখানার পাশের একটি পুকুরের পানি কালো হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এ ছাড়া ওই এলাকার ফসলি জমির মাটি ও গাছগুলো কালো হয়ে গেছে।
স্থানীয় রফিকুল ইসলাম ও গৃহবধূ রাশেদা বেগম জানান, রাত নয়টা থেকে ভোর সাতটা পর্যন্ত পাটখড়ি পোড়ানো হয়। তখন সমগ্র এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। এলাকার মানুষ ঠিকমতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না। এলাকার রূপালী বেগম জানান, এ ধোঁয়ার কারণে তাঁর শ্বশুর শাহ মল্লিক (৭০) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার মকবুল হোসেন বিশ্বাস (৬৫) জানান, তিনি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়েছেন। জোহরা বেগম জানান, তাঁর সাত মাসের নাতি আজমি ধোঁয়ার কারণে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না।