কালিহাতী ও ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় গতকাল সোমবার সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। একই দিন জামালপুরের ইসলামপুরে ইজিবাইকের চাপায় এক শিশু নিহত হয়েছে।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই অটোরিকশার চালক কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী গ্রামের ইউসুব আলী (৪৫) নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একই উপজেলার নারান্দিয়া গ্রামের লুৎফর রহমানের স্ত্রী শিরিন আক্তার (৪০) মারা যান। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
জামালপুরের ইসলামপুর উপজেলায় ইজিবাইকের চাপায় গঙ্গাপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে মুগ্ধ (৫) নিহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে মুগ্ধ গঙ্গাপাড়া গ্রামের উলিয়া-ইসলামপুর সড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।